দুবাই পালাতে চেয়েছিলেন গোল্ডেন মনির!

দুবাই পালাতে চেয়েছিলেন গোল্ডেন মনির!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে বেশ কিছুদিন ধরে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারিতে রেখেছিলেন। তারা তার অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করার সময় তিনি বিষয়টি আঁচ করতে পারেন। ভয়ে ছিলেন যে কোনও সময় তাকে গ্রেফতার করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গ্রেফতার এড়াতে দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন সেলসম্যান থেকে হাজার কোটি টাকার সম্পদের মালিক হওয়া গোল্ডেন মনির। পালিয়ে যাওয়ার খবর জানতে পেরে রাতেই তার বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘একটি গোয়েন্দা সংস্থা মনির সম্পর্কে সুনির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে। দীর্ঘ দিনের অনুসন্ধানের শেষদিকে মনির তা বুঝতে পারে। তাই গা ঢাকা দিতে সে আজ সকালেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে চায়। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ইকে ৫৮৫ ঢাকা-দুবাই ফ্ল্যাটে সে পালিয়ে যেতে চেয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ভিসা নিশ্চিত করে এই ফ্লাইটে টিকিট কাটে মনির। তবে দুবাই নামার পর সে অন্য কোন দেশে যেতে চেয়েছিল কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযানে তার কাছে ১০ দেশের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। তার মধ্যে ২০ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৫০১ ইউএস ডলার, ৫০০ চাইনিজ ইয়েন, ৫২০ রুপি, এক হাজার সিঙ্গাপুরের ডলার, দুই লাখ ৮০ হাজার জাপানি ইয়েন, ৯২ মালয়েশিয়ান রিঙ্গিত, হংকংয়ের ১০ ডলার, ১০ ইউএই দিরহাম, ৬৬০ থাই বাথ ছিল।’

উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছয়তলা ভবনের বাসায় প্রতিটি ফ্লোরে তল্লাশি করা হয়। অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র বলছে, তার বিদেশ পালানোর চেষ্টার বিষয়টি আগেই জানা ছিল তাদের। তারপর গতকাল রাতে অবৈধ অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে তার নিজ বাসায় রাতভর অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *