পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংকট মোকাবেলায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০’ পেলেন সিলেটের কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।
শনিবার (২১ নভেম্বর) ‘আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলানায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ব্যারিস্টার জাকির আহমদ, ডা. হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার শফিউল আলম সবুজ প্রমূখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ প্রায় ৫০ জন খ্যাতিমান ব্যক্তিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের দুর্গত সময়ে কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির কর্মহীন দিনমজুর মানুষের ঘরে ঘরে চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
করোনাকালীন সময়ে একদিন সোমবার (৩০ মার্চ) বিকালে নিজ উদ্যোগে মাওলানা আব্দুল্লাহ শাকির কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন সময় পাথেয় টোয়েন্টিফোর ডটকম এর স্থানীয় প্রতিনিধিকে বলেছিলেন, ‘দেশে করোনা ভাইরাসের কারণে মানুষ আজ গৃহবন্দী। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংকটকালীন সময়ে মানবিক কারণেই আমি কর্মহীন বেকার ও অসহায়দের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত এলাকার বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। ইনশাআল্লাহ উপজেলার সবক’টি ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগীতায় হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেব।’
এছাড়াও করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ১৫ সদস্যের এক টিম সাথে নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন মৃতদেহের দাফন-কাফন ও জানাজার কাজটি সম্পন্ন করেছেন মাওলানা আব্দুল্লাহ শাকির।


