নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ আজ অবরুদ্ধ। জীবনের নিরাপত্তা না থাকায় তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কথা বলতে পারে না। আগামী নির্বাচনে জনগণ এই অবরুদ্ধ অবস্থার জবাব দেবে।
মঙ্গলবার পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় রজনীগন্ধায় বাংলাদেশ জনতা ফ্রন্টের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী প্রমুখ বক্তব্য রাখেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মেজর খালেদ আখতার (অব.) শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, নুরুল ইসলাম নুরু, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি, শফিকুল ইসলাম শফিক, জসিম উদ্দিন ভুইয়া, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা, এমএ রাজ্জাক খান, আলহাজ¦ মোহাম্মদ মোহিবুল্লাহ, লে. কর্নেল (অব.) সাব্বির আহমেদ, আব্দুস সাত্তার, ফজলে এলাহী সোহাগ, জেসমিন নূর প্রিয়াংকা, খায়রুল আলম মামুন, আলমগীর কবির, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বগুড়া ও ঝালকাঠি এলাকার নেতাদের নিয়ে সদ্য বিলুপ্ত হওয়া বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব এ কে এম শফিকুল ইসলাম রঞ্জু এবং ভাইস চেয়ারম্যান তসলিম উদ্দিন মুন্সির নেতৃত্বে ডা. এমএ সাজ্জাদুল ইসলাম রেজাউল করিম বাবলু, ফজলুর রহমান তপন, গোলাম রব্বানী চাষী, শহিদ চৌধুরী, গোলবাধন নাহার জিনা, ফারজানা ইসলাম ও হাবিবুর রহমানসহ শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
জাতীয় পার্টি ক্রমেই শক্তিশালী হচ্ছে উল্লেখ করে যোগদানকারীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, আপনারা এসেছেন এতে জাতীয় পার্টির শক্তি বৃদ্ধি হলো। আগামী দিনে জাতীয় পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও মানুষের হাহাকার শুনে পরিবর্তনের আশায় অনেকেই জাপাতে যোগ দিচ্ছেন। আগামীতে একমাত্র জাতীয় পার্টিই মানুষকে মুক্তির নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে পারে।
তিনি বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সামনে আমাদের সম্ভাবনা আছে। তাই দলে দলে মানুষ জাতীয় পার্টির পতাকাতলে জড়ো হচ্ছে। মানুষ সুযোগ খুঁজছে। আগামীতে আওয়ামী লীগ ও বিএনপি উভয়কেই প্রত্যাখ্যান করবে তারা।
এরশাদ বলেন, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি দেশকে সন্ত্রাস ও দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারে নাই।


