দেশে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

দেশে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৩ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা গতকাল সোমবার ছিল ৩৯ জন, এবং রোববার ছিল ৫০ জন। গত দুই দিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ১০ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ২২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ১০ জন। ডেঙ্গুতে এ সময়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *