দোরগোড়ায় মাহে রমজান
আল আমীন শাহ : রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান এখন দোরগোড়ায়। পশ্চিম আকাশে কবে উঠবে রমজানের চাঁদ— এই ভাবনায় বিভোর খোদার প্রিয় বান্দারা। পবিত্র এ মাস আমাদের জন্য কতটা রহমত ও বরকত নিয়ে আসে তা হয়তো আমাদের অনেকেই জানেন না। কিন্তু মাদরাসায় পড়ালেখা করার কারণে এ সম্পর্কে কিছুটা জ্ঞান হয়েছে। রমজান মাস এলেই কেমন একটা আনন্দের ঢেউ খেলে যায় মনে। রমজানকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক খারাপ মানুষ ভাল হয়ে যায়। আবার কেউ কেউ ভালো হওয়ার চেষ্টা করে, খারাপ অভ্যাসগুলো এ মাসের জন্য হলেও ছাড়তে চায়।
এ মাসে আমাদের আনন্দের কারণ হলো, রমজান মাসে ১ আমল করলে ৭০ আমলের সওয়াব পাওয়া যায়। অর্থাৎ যে আমল করে অন্য মাসে ১ নেকি পেতাম সে আমল করে রমজান মাসে ৭০ নেকি পাবো। আর আল্লাহ চাইলে আরো বাড়িয়েও দিতে পারেন। এটা আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এবং পুরস্কার। আমাদের পেয়ারে নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, অথচ তার গুণাহ মাফ করাতে পারলো না, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে?
রমজান কাছে মাস এলেই বিভিন্ন রকম স্মৃতি মনে পড়ে যায়। যেমন আগে যার সাথে সপ্তাহে জুমার দিন ছাড়া দেখা মিলত না, এখন প্রায় প্রতি ওয়াক্তেই দেখা যাবে। আসরের পরপরই ইফতারের প্রস্তুতি, ইফতার শেষ মাগরিবের নামাজ পরেই তারাবীর পড়া নিয়ে বসা, পড়া শেষ করে একটু শান্তির সাথে বিশ্রাম নেওয়া, ইত্যাদি।
তারাবীর নামাজের পর বন্ধু-বান্ধবের সাথে আড্ডা অথবা ঘুমিয়ে কিছুটা সময় পার করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের জন্য, মা-বাবার জন্য, সমস্ত মুসলিম উম্মাহের জন্য কল্যাণের দুআ করা। তারপর সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে দীর্ঘ একটা ঘুম। সারাটা বছর রমজানের অপেক্ষায় থাকি। কখনো রমজান আসবে।
রমজানে সঠিকভাবে সিয়াম সাধনা এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য অবশ্যই আমাদের রমজানের আগেই নিজেদের মানসিক ও শারীরিকভাবে তৈরি করে নিতে হবে। পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহপাঠী, সহকর্মী সবার সঙ্গে রমজান বিষয়ে আলোচনা বাড়িয়ে দিয়ে রমজানের আগমনবার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবাইকে সচেতন করে তুলতে হবে। মহান আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন এবং রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করার তওফিক দান করুন। আমিন।


