পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করে থাকেন। প্রথমে আল্লাহ বান্দাকে অভাব অনটন দিয়ে তার সবর ও ধৈর্য্যের পরীক্ষা নিয়ে থাকেন। বান্দা যদি তার অভাব অনটনকে প্রাকৃতিক কোন বিপর্যয় মনে করে, তবে আল্লাহ তাআলা এবার ধন-সম্পদ দিয়ে তার শোকরিয়ার পরীক্ষা নিয়ে থাকেন। তারপরও যদি বান্দা আল্লাহর দিকে ফিরে না আসে, তবে আল্লাহ তাআলা তাকে আরও প্রাচুর্য্য দান করে তাকে ঢিল দিয়ে থাকেন এবং এক সময় আল্লাহ তাকে পাকড়াও করেন।’
শুক্রবার (১৮ জুন) ইকরা বাংলাদেশ জামে মসজিদে জুমার বয়ানে শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লাহর দিকে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে আমরা এক ভয়ানক দুর্যোগের ভিতর দিয়ে অতিক্রম করছি। এই অবস্থায় আমাদের দরকার ছিল আল্লাহ তাআলার দিকে দ্রুত ফিরে আসা। কিন্তু আমরা আরও বেশী করে আল্লাহর নাফরমানী করছি। আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করছেন, তবুও আমরা সতর্ক হচ্ছি না। যদি আমরা এভাবেই চলতে থাকি, আল্লাহর কাছে তওবা না করি, আল্লাহর দিকে ফিরে না আসি, তাহলে আমাদের জন্য আরও কঠিন মুসিবত অপেক্ষা করছে।’
আরও পড়ুন: আল্লাহই মুসলমানদের একমাত্র আশ্রয়স্থল : আল্লামা মাসঊদ
বর্তমানে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়লেও আমলের পরিমান কমে গেছে উল্লেখ করে ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানীর এই সুযোগ্য খলীফা বলেন, ‘আগে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ আল্লাহর দিকে ফিরে আসতো। কিন্তু এখন ওয়াজ মাহফিলগুলো বিনোদনের জায়গা হয়ে গিয়েছে। ওয়াজ মাহফিল বাড়ছে, কিন্তু আমল হারিয়ে গেছে। ওয়াজ মাহফিল বাড়ছে, কিন্তু সততা-বিশ্বাস উঠে গেছে।’
আর কী করলে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো সেই প্রশ্ন রেখে আল্লামা মাসঊদ বলেন, ‘আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করছেন, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। আর কী করলে আমরা সতর্ক হবো? দ্রুত আল্লাহর দিকে ফিরে আসুন। অন্যথায় আমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে।’


