পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে প্রায় ৮ দিন পর আলোচিত বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক জাকারিয়া হোসেন।
দেশের গণ্ডি পেরিয়ে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়ার বিষয়টি আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে আন্তর্জাতিক পর্যায়েও। তার সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতীয় সংসদেও এ নিয়ে বারবার বক্তব্য দিয়েছেন বিএনপিসহ অন্যান্য দলের সংসদ সদস্যরা।
গত ১০ জুন দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এই ইসলামি বক্তা। ওইদিন রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী সাবিকুন্নাহারের। তখন গাবতলী অবস্থান করছিলেন তিনি। ৩টা থেকে আবু ত্বহা আদনানের ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের সময় গাড়িচালকসহ তিন সহকর্মী ছিলেন তার সঙ্গে।


