নতুন বছরে কেন্দ্রীয় ইকরার শিক্ষাযাত্রা শুরু
পাথেয় রিপোর্ট : জেনারেল ও ইসলাম শিক্ষার পরিকল্পিত সমন্বয়ে পরিচালিত শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পরিচালিত রাজধানীর ইকরা বাংলাদেশ স্কুলের নতুন বছরের শিক্ষাযাত্রা শুরু হয়েছে। নতুন নতুন শিক্ষার্থীদের গোলাপ ফুল, ললিপপ ও অন্যান্য পুরস্কার সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন ইকরার শিক্ষকমণ্ডলী। সকাল সাতটা থেকেই ইকরার শিক্ষকগণ সবার আগে প্রতিষ্ঠানে উপস্থিত হন। আগত সব শিক্ষার্থীকে তারা স্বাগত জানান।
বিশেষত নার্সারির শিশুদের জন্য এটা ছিল অপূর্ব এক মাহেন্দ্রক্ষণ।জীবনের প্রথম স্কুলের বেঞ্চে বসে তারা উপভোগ করেছে প্রথম ক্লাস। শিক্ষকের উপদেশ। ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোরকে জানান, শিশুরা বেহেশতী ফুল। আমরা এদের নিয়ে কাজ করি। গবেষণা করি। শিশুর মনন বিকশিত করার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই। আল্লাহর অশেষ মেহেরবানী, আবার নতুন বছর শুরু হয়েছে। আমরা এবার ফুল দিয়ে শিশুদের স্বাগত জানিয়েছি। আমি দুআ করি, প্রতিটি শিশু শিক্ষার্থীকে আল্লাহ তাআলা কবূল করুন। আমীন।
ইকরা বাংলাদেশ-এর ভাইস প্রিন্সিপাল নাসির উদ্দীন পাথেয় টোয়েন্টিফোরকে বলেন, আমরা শিশুদের হৈ হুল্লুরকে ইনজয় করি। তাদের চোখের ভাষা আমরা বুঝতে পারি। এবার ইনশাআল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় আরও বেশি পরিশ্রম করবেন আমাদের শিক্ষকগণ ইনশাআল্লাহ।
নার্সারির জাগরণির শিক্ষার্থী মামনুন আবিরকে কেমন হলো প্রথম দিনের ক্লাস জিজ্ঞেস করলে সে জানায়, খুব ভালো। আমি সালাম দিয়েছি। আগামিকাল আবার আসবো।
নার্সারি আগমনীর শিক্ষার্থী তাহেরা জান্নাতও একই ধরনের অভিব্যক্তি জানিয়েছে পাথেয় টোয়েন্টিফোরকে।
প্রসঙ্গত, রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ১৯৯৬ সালে ঢাকায় ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর অনুপ্রেরণায় তারই খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর ইকরা সিলেবাস ও শিক্ষাক্রমের যাত্রার শুভ সূচনা করেন। এখন তর তর করে সারা দেশে প্রায় শতাধিক শাখায় এই সিলেবাস পড়ানো হচ্ছে। অনেকেই পঞ্চম শ্রেণির সঙ্গে সঙ্গে হিফজও সমাপন করতে সক্ষম হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা হিফজ করতে না পারলেও প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিখে নিতে পারছে।
উল্লেখ্য করার মতো বিষয় হলো, ঢাকা কেন্দ্রীয় ইকরায় আলাদা নাজেরা বিভাগ, আলাদা হিফজ বিভাগ এবং একাডেমিকের সঙ্গেও হিফজ পড়ার সুব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক মানের এই হিফজ বিভাগে নূরানী, নাজেরা, হিফজ, শুনানি করার সুযোগ আছে। আছে সময় সময় প্রতিযোগিতার ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত এই হিফজ বিভাগ সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছেন ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।



