পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের পরিস্থিতি ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি পরিক্ষা ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এর জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
এদিকে আজ (১২ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে গেছে। এই কার্যক্রম চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে হবে।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।তিনি তখন বলেছিলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা শিক্ষার্থীদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে যাবে।
কিন্তু করোনার ডেল্টা ভেরিয়েন্টের কারণে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানই খোলা সম্ভব হয়নি। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


