পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর পলাশ ও রায়পুরা উপজেলায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত স্কুল শিক্ষার্থী মিথিলা আক্তার ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. ইসমাইল মিয়ার মেয়ে ও ঘোড়াশালের প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্কুল থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল মিথিলা। এ সময় ঢাকাগামী উপকুল ট্রেনের ধাক্কা লাগলে গুরুতর আহত হয় সে। পরে, তাকে ঘোড়াশাল রৌশন হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মিথিলাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শনিবার সকালে ঘোড়াশাল স্টেশনের পাশ থেকে লাল রঙের গেঞ্জি ও ধুসর কালো রঙের প্যান্ট পড়ুয়া অজ্ঞাত এক কিশোরের ও রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশন এলাকা থেকে অপু ভৌমিকসহ ২ জনের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, কোনো ঘটনায়ই নিহতের স্বজনরা অভিযোগ করেনি।


