পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশের শীর্ষস্থানীয় আলেম ও আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক, সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ এর সদস্য ও ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশের ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (২৯ জানুয়ারি) ধানমন্ডি শংকরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ দীর্ঘদিন যাবত ক্যানসারে ভুগছিলেন। ২৫ জানুয়ারি (শুক্রবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
এরআগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি শঙ্করের ইবনে সিনার আইসিইউতে শয্যাশায়ী অবস্থায় মাওলানা আযহার আলী আনোয়ার শাহকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।


