নিজস্ব প্রতিবেদক ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের জন্য নিজস্ব পুলিশ চেয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিটি সংস্থা ১০০ করে মোট ৩০০ পুলিশ চেয়ে প্রস্তাব দিয়েছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। নগর ভবনে রবিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পরিষদের নবম সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন এলাকার ফুটপাত দখলমুক্ত করার জন্য সিটি করপোরেশন ও রাজউক পুলিশ নিয়োগে প্রস্তাব দিয়েছে এবং তা আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বানের সুপারিশ করা হয়েছে। সিটি করপোরেশন ও রাজউকের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন সড়ক পরিবহন মন্ত্রী।
এটা মনে হয় একটি ভালো প্রস্তাব। এখানে স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি নীতিগতভাবে বিষয়টিতে একমত পোষণ করেছেন। এই ৩০০ পুলিশ ফুটপাত দখলমুক্ত ও অবৈধ দখলকৃত সম্পদ উদ্ধার অভিযানে থাকবে বলে জানান ওবায়দুল কাদের। রাজউক প্রস্তাবিত কদমতলী ইন্টারসেকশন থেকে ৬৬৪ মিটার দক্ষিণে চুনকুটিয়া ইন্টারসেকশন পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে কাদের বলেন, নির্মাণের সময় জনদুর্ভোগ লাঘবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের গাবতলী-নবীনগর সড়ককে এক্সপ্রেসওয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানান কাদের। মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও পর্যন্ত নির্মাণ কাজ ২০১৯ সাল নাগাদ এবং মতিঝিল পর্যন্ত নির্মাণকাজ ২০২০ সাল নাগাদ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আগামী ৩ মে এ প্রকল্পের প্যাকেজ ২, ৩ ও ৪ এর চুক্তি সই হবে বলে জানান তিনি। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্পের প্যাকেজ-১ এর কাজ চলমান রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পের প্যাকেজ-২ এর দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে এবং প্যাকেজ-৩ এর ভৌত অগ্রগতি হয়েছে ৩০ শতাংশ।
ঢাকার গণপরিবহন সংকট লাঘবে চার হাজার আধুনিক বাস যুক্ত করার বিষয়ে আগামী মে মাসে বৈঠক হবে বলেও জানান তিনি। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।


