নিষেধাজ্ঞা অমান্য করে মৎস শিকার, ৩৩ জেলের ১ বছরের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস শিকার, ৩৩ জেলের ১ বছরের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইলিশ মাছকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ করে দিতে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায় মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ৩৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একাধিক টিম। সেই ধারাবাহিকতায় বুধবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকেই শিবচরে অভিযান পরিচালিত হয়। ৩৩ জেলেকে শাস্তি দেয়ার পাশাপাশি পুড়িয়ে ফেলা হয় ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এম রকিবুল হাসান।

প্রসঙ্গত, প্রতি বছরের ধারাবাহিকতায় এবার গত ৩ অক্টোবর রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এই ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুত নিষিদ্ধ থাকবে।

এম রকিবুল হাসান বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। যে কোনো মূল্যে মা ইলিশ রক্ষা করতে হবে। আমরা চাই না গরিব জেলেরা আটক হোক, কারাগারে যাক। সেজন্য বিভিন্নভাবে তাদেরকে সচেতন করা হয়েছে। তারপরও যদি কেউ নির্দেশনা না মানে, তাহলে প্রশাসন এভাবেই কঠোর হতে বাধ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *