পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোকে বিভক্ত করার যে ষড়যন্ত্র করেছিলেন তা ব্যর্থ হয়েছে। সত্যি বলতে তিনি ন্যাটো মিত্রদের বিভক্ত করতে না পেরে অবাকই হয়েছেন। পুতিনের সামনে আরো অবাক হবার বাকি আছে।
মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরের সময় এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে পুতিন হাজার চেষ্টা করলেও ন্যাটোকে বিভক্ত করতে পারবেন না।’ আমরা ন্যাটো মিত্ররা একসাথে থেকেছি এবং একসাথেই থাকব। ইতিহাস দেখেছে, ইউরোপে সংঘাতের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার গুরুত্ব কতটা। আমরা দু’টি বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। ইউরোপে স্থিতিশীলতা আমাদের স্বার্থের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।
দোহা ফোরামে জেলেনস্কির বক্তব্য: ইউক্রেনের জেলেনস্কি কাতারের বার্ষিক দোহা ফোরামে এক ডজনেরও বেশি বিশ্ব নেতাদের একটি ফোরামে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই ফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি মস্কোকে পুরোপুরি একঘরে করতে এবং রাশিয়ার তেল ও গ্যাস বয়কট করার জন্য আহ্বান জানান। তিনি কাতারের মতো গ্যাস সমৃদ্ধ দেশগুলোকে পদক্ষেপ নিতে এবং রুশ গ্যাস ও তেলের উপর নির্ভরশীলতা কমাতে আহ্বান জানান। তবে বিশ্লেষকরা বলছেন, কাতার যদি এমন কিছু করতে চায় তবুও ইউরোপের জ্বালানি চাহিদার ৩০ শতাংশও পূরণ করা প্রায় অসম্ভব। বর্তমানে রাশিয়া এই চাহিদা পূরণ করছে।
‘১৬ হাজার সেনা মারা গেছে’: রাশিয়া এ পর্যন্ত ১৬ হাজার সেনা হারিয়েছে, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওবার্তায় এ দাবি করেন তিনি। ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘নিহতদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও আছেন। তবে এখন পর্যন্ত কোনও রুশ জেনারেল কর্নেল বা অ্যাডমিরালের মৃত্যুর খবর পাইনি। অপরদিকে, ন্যাটোর দুই সামরিক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা নিহতের সংখ্যা সাত হাজার থেকে ১৫ হাজারের মধ্যে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও একই ধরনের সংখ্যার দাবি করেছেন।
বাইডেনের বৈঠক: পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলার পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শুক্রবার থেকেই বাইডেন পোল্যান্ডে অবস্থান করছেন। পোলিশ প্রেসিডেন্টে দুদার সঙ্গেও তিনি বৈঠক করছেন।


