পদ্মা সেতুর মূল ভৌত অগ্রগতি ৪৯ শতাংশ

পদ্মা সেতুর মূল ভৌত অগ্রগতি ৪৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক  ● পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর ভৌত কাজ ৪৯ শতাংশ সম্পন্ন হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ৩৫তম বৈঠকে এই অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজের ফিজিবিলিটি স্টাডি সরকারি অর্থায়নে সম্পন্ন করার সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। অর্থ বছরের প্রথম তিন মাসে এগুলোর অগ্রগতি ১৯ দশমিক ৭৪ শতাংশ। অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের যে ক্ষতি হয়েছে,তা তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করে যান চলাচলের উপযোগী করার সুপারিশ করা হয়।

এছাড়া মহাসড়কে ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল করে যেন রাস্তার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে কঠোর নজরদারির সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০১৭-২০১৮ অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ৩টি প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতিতে কমিটিতে সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে আইএমইডির সুপারিশগুলো বাস্তবায়নে যথাযথ ব্যবস্থার নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী, মো. আব্দুল কুদ্দুস ও মো. আব্দুল মজিদ খান উপস্থিতি ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জিল্লুল হাকিম বৈঠকে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *