নিজস্ব প্রতিবেদক ● আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলনে গণমাধ্যমের সহায়ক ভূমিকা থাকবে এবং একইসঙ্গে দিনের কর্মসূচি নিয়ে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করবে মিডিয়া তত্ত্বাবধান কমিটি। বৃহস্পতিবার পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিডিয়া তত্ত্বাবধান কমিটির সদস্য ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ আশাবাদ জানান। তিনি সাংবাদিকদের আগের আন্তর্জাতিক সম্মেলনের অভিজ্ঞতার কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সংসদ সদস্য তানভীর ইমাম, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে কাজী নাবিল আহমেদ বলেন, ‘সিপিএ ৫২টি রাষ্ট্রের জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পার্লামেন্টসহ ১৮০টি শাখার একটি অ্যাসোসিয়েশন। আগামী ১ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএ’র যৌথ উদ্যোগে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের সুবিধায় এবারের সম্মেলনে প্রতিদিনের ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে।’ এছাড়া, সম্মেলনে সিপিএ’র সদস্যদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগও থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, সিপিএ’র ৯টি অঞ্চল রয়েছে। এগুলো হলো- আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ড ও মেডিটেরিনিয়ান, কানাডা, ক্যারিবিয়ান আমেরিকা ও আটলান্টিক, ভারত, প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব এশিয়া। গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের ক্ষমতায়ন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে সিপিএ।


