পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় মীরা ভট্টাচার্যকে মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিজ বাড়িতেই রয়েছেন বুদ্ধদেব।
২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি। ফলে করোনা সংক্রমণ তার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সাবেক মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতে রাজি নন। ফলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার দল সিপিএম।
এ বছর সদ্যসমাপ্ত নির্বাচনে দলের প্রচার বা কলকাতার ব্রিগেডে দলীয় সমাবেশে বর্ষীয়ান এ রাজনীতিককে দেখা যায়নি। চিকিৎসকরা বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তিনি এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া থেকেও বিরত ছিলেন।


