পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তরাঞ্চলে হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে দেশটির সরকারের এক মাসের অস্ত্রবিরতি চুক্তির পর শনিবার (১৩ নভেম্বর) এই হামলা হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তের কাছে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে ওই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আক্রান্তস্থলের একটি জলাধারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা।
খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল সামাদ খান রয়টার্সকে বলেছেন, ‘শনিবার সকাল ১০টার দিকে আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।’
এদিকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পৃথক একটি হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু ও তিন নারী রয়েছে। কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আলী রাজা বলেন, ওই এলাকায় পুলিশের একটি টহল লক্ষ্য করে মোটরসাইকেলে বিস্ফোরক রাখা হয়েছিল।
তালেবানের স্থানীয় একজন মুখপাত্র হামলার দায় অস্বীকার করেছেন। সশস্ত্র গোষ্ঠীটি অস্ত্ররিবতি চুক্তি মেনে চলবে বলে জানিয়েছেন তিনি।


