পুলিশের হস্তগত ডা. মুরাদ ও তার স্ত্রীর অস্ত্র

পুলিশের হস্তগত ডা. মুরাদ ও তার স্ত্রীর অস্ত্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবল সমালোচনার মুখে পদ হারানো সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তার স্ত্রীর নামে লাইসেন্সকৃত ৩টি অস্ত্র থানায় জমা নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসান স্বামীর বিরুদ্ধে ‘নির্যাতন ও প্রাণনাশের হুমকির’ অভিযোগে জিডি করার পর এই পদক্ষেপ নেয়া হলো।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমে বলেন, মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মুরাদের নামে ১টি পিস্তল ও ১টি শটগান, আর তার স্ত্রীর নামে কেবল ১টি শটগান জমা নেওয়া হয়েছে ।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অস্ত্র তিনটি থানায় জমা দিয়ে গেছে।

মুরাদ বর্তমানে ঐ বাসায় থাকছেন না বলে জানিয়েছেন ওসি ইকরাম। তিনি বলেন, ঐ বাসায় বর্তমানে কেবল মুরাদের স্ত্রী, সন্তান ও কর্মচারীরা রয়েছেন।

মুরাদের স্ত্রীর জিডির তদন্তের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ঐ জিডি তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়েছি। অনুমতি পেলে তদন্ত করব।

প্রসঙ্গত, এক চিত্রনায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে। জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে।

নানা নাটকীয়তার মধ্যে ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে দুদিন পর তাকে ফের দেশে ফিরতে হয়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালেই থাকছিলেন।

অতঃপর গত বৃহস্পতিবার তার স্ত্রী জাহানারা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে পুলিশ ধানমণ্ডির ১৫ নম্বর সড়কের তার বাসায় যায়। তবে সেখানে তারা মুরাদকে পায়নি।

পরে ডা. জাহানারা থানায় এসে স্বামী মুরাদের বিরুদ্ধে ‘নির্যাতন ও প্রাণনাশের হুমকির’ অভিযোগে জিডি করলে আবার আলোচনায় আসেন ডা. মুরাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *