প্রতিশ্রুতি পালন করবো : চট্টগ্রাম মেয়র

প্রতিশ্রুতি পালন করবো : চট্টগ্রাম মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি : অসুস্থ অবস্থায় গত শনিবার রাতে নগরবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন মেয়র। চিঠিতে তিনি নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও অর্থনৈতিক দায় মাথায় নিয়ে চট্টগ্রাম নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা উল্লেখ করে নানা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার কথা বলেছেন।

মেয়র বলেন, পূর্বের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও অর্থনৈতিক দায় মাথায় নিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে নিবেদন করেছি। নির্বাচনকালিন সময়ে দেয়া যেসব প্রতিশ্রুতি আমি উপস্থাপন করেছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করার লক্ষ্যে রাতদিন অবিরাম পরিশ্রম করে চলেছি। তবে আওতা বহির্ভূত নানা সংকট, আর্থিক দৈন্যতার কারণে একটু বিলম্বে হলেও ইনশাল্লাহ আগামী আট মাসের মধ্যেই আমার প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন দৃশ্যমান হবে।

তিনি বলেন ,নগরী থেকে বিলবোর্ডের জঞ্জাল সরানোর পর এবার আপনাদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দিয়েছি। আমাদের হকার ভাইদের সহযোগিতায় নগরবাসীর নিরাপত্তা বিধান ও নগরীর সৌন্দর্য রক্ষার্থে ফুটপাতে সারাদিন ব্যবসা করার পরিবর্তে হকার ভাইরা বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে পণ্য বিকিকিনি করবেন। উন্নত বিশ্বের আদলে এ ব্যবসা চালু করা হয়েছে।
জনবল সংকট থাকা সত্বেও আমি পরিচ্ছন্ন নগরী গড়তে ডোর টু ডোর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছি। প্রথমে এ নিয়ে নাগরিক সমাজে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত করা হলেও এখন স্বতঃস্ফূর্তভাবে আমাদের সেবকরা কাজ করে যাচ্ছেন। এমন সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

আউটার স্টেডিয়াম নিয়ে অপপ্রচারের সীমা ছিল না। সারা বছর খেলার মাঠকে নানা মহল মেলার মাঠ হিসেবে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হলেও বৃহত্তর নাগরিক সমাজ এতে উপকৃত হয়নি। আমি আউটার স্টেডিয়ামকে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও নান্দনিক সাজে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নগরীর প্রখ্যাত স্থপতি ও প্রকৌশলীরা এ নিয়ে কাজ করছেন। ইনশাআল্লাহ এর দ্রুত বাস্তবায়ন দেখতে পাবেন।

তিনি চট্টগ্রাম শহরকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সকল প্রকার পদক্ষেপ নেয়া হয়েছে। অতি বৃষ্টির কারণে যেসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে (যদি বৃষ্টি না হয়) সম্পূর্ণ সংস্কার করে আপনাদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দেব। তবে সিডিএ কর্তৃক নির্মাণাধীন উড়াল সেতুর কারণে লালখান বাজার থেকে বহদ্দার হাট হয়ে আরাকান রোড পেপসি পর্যন্ত, বায়েজিদ বোস্তামি রোডের দুই নম্বর গেট থেকে বেবি সুপার মার্কেট পর্যন্ত সড়ক পথ এবং বহদ্দার হাট থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত সড়ক পথটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন হওয়ায় আমি তাতে সংস্কার কাজে হাত দিতে পারছি না। তবে আপনাদের দুর্ভোগের কথা চিন্তা করে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *