মাসউদুল কাদির ● ভারত যেদিকেই থাকুক, যে চিন্তাই লালন করুক, যে আদর্শের পূজোতেই থাকুক আত্ম নিমগ্ন। কিন্তু শাইখুল হিন্দের ভারতের মুসলমান, শাইখুল ইসলামের ভারতের কালেমার পাঠকের হৃদয়ে তো ইনিশতা রা’ছুহু ইশতাকা কুল্লুহু— একজন মুসলমান কোথাও ব্যথিত হলে এক অঙ্গের মতো করে তিনিও ব্যথিত হন। সে চিন্তার আলোকেই তো শাইখুল হিন্দের চিন্তা লালন করেন ভারতের আলেম উলামা ও দেওবন্দের ধারকবাহকগণ।
নদীর পাড়ে বিপর্যস্ত দেখে দেখে কীভাবে সয়ে থাকবেন শাইখুল ইসলামের দৌহিত্র হযরত মাহমুদ মাদানী। তিনি আসছেন। রোহিঙ্গা শিবিরে দীর্ঘ মেয়াদি ত্রাণতৎপর শুরু করতে বাংলাদেশে আসছেন ভারতের জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল, ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা ও সাহেবজাদা আওলাদে রাসূল সাইয়্যিদ মাহমুদ মাদানী।
বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, হযরত মাহমুদ মাদানী কলকাতা থেকে মঙ্গলবার সকাল নয়টায় জেট এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। রোহিঙ্গ শিবির পরিদর্শন ও ত্রাণ প্রদানের জন্য সোয়া একটার ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন।
জমিয়তে উলামা হিন্দ ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে দীর্ঘ মেয়াদি ত্রাণ কার্যক্রমের সূচনা করা হবে।
হযরত মাহমুদ মাদানীর সঙ্গে কাফেলায় থাকবেন ভারত থেকে আসা মাওলানা আহমদ আবদুল্লাহ, মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, সিলেট ইকরার প্রধান মুফতি রশিদ আহমদ মকবুল, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।


