প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হামাসের বিবৃতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হামাসের বিবৃতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদিকে যুক্তরাষ্ট্রের পথ ধরে বিতর্কিত পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বর্বর ইয়াহুদিবাদি ইসরায়েলের জবরদখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা, বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার (১৪ ডিসেম্বর) আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করে হামাস।

হামাস ইয়াহুদিবাদি ইসরায়েলের বিপক্ষে তাদের মাতৃভূমি পুনরুদ্ধারে অনেকদিন ধরেই সশস্ত্র অভিযান পরিচালনা করে আসছে। ফিলিস্তিনকে স্বাধীন করাই তাদের একান্ত মনোবাসনা। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেই প্রত্যয় ব্যক্ত করেই বিবৃতি দিয়েছে দলটি।

বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ নিরসন করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় হামাস এতে বলা হয়, জাতীয় ইস্যুতে সংগঠনগুলোর মধ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধ হতে পারে।

হামাসের বিবৃতিতে বলা হয়, সব আন্তর্জাতিক আইনে দখলদার ইহুদিবাদী সরকারের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের অকাট্য অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। কাজেই সে অধিকার আদায়ের লক্ষ্যে ২০১১ সালের কায়রো চুক্তি অনুযায়ী নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করতে ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনি জনগণ গত ছয় মাস ধরে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে যে বিক্ষোভ মিছিল করে আসছে বিবৃতিতে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। একইসঙ্গে ফিলিস্তিন সংকট সমধানের লক্ষ্যে ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক যে পরিকল্পনা মার্কিন সরকার প্রণয়ন করেছে যেকোনো উপায়ে তার বাস্তবায়ন ঠেকিয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে চেষ্টা করছে বিবৃতিতে তার তীব্র নিন্দা জানায় হামাস। মুসলিম দেশগুলোকে এ তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে হটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর হামাস প্রতিষ্ঠিত হয়েছিল।

এদিকে হামাসের এই বিবৃতির একদিন পরেই শনিবার (১৫ ডিসেম্বর)জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার (১৫ ডিসেম্বর) এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও শিগগিরই অস্ট্রেলীয় দূতাবাস স্থানান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন।

সিডনিতে সাংবাদিকদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া এখন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা পশ্চিম জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করব যখন বাস্তব পরিস্থিতি সৃষ্টি হবে এবং চূড়ান্ত অবস্থা পর্যালোচনার পর। ‘পশ্চিম জেরুজালেমের পরিস্থিতি ও অবস্থা পর্যালোচনা করেই আমরা আমাদের দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্ত নিব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *