পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সামিয়া সুলুহু হাসান। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর আজ শুক্রবার (মার্চ ১৯) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। সামিয়া সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
সামিয়া হাসান প্রায় ২০ বছর যাবত পেশাদার রাজনীতিবিদ হিসেবে তানজানিয়ায় কাজ করছেন। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছেছেন তিনি। ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ক্ষমতাসীন দল সিসিএমের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী জন মাগুফুলির রানিং মেট হিসেবে ছিলেন তিনি। গত বছরের অক্টোবর মাসে মাগুফুলি ও সামিয়া পুনর্নির্বাচিত হন।
গত বুধবার দেশটির সরকারি টিভিতে মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুফুলি মারা যান। তবে এর আগে প্রায় তিন সপ্তাহ তাঁকে জনসম্মুখে দেখা যায়নি। কেন তাঁকে দেখা যায়নি, তা নিয়ে রহস্য রয়েছে। তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। তিনি করোনা ভাইরাস (কোভিড ১৯)–এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খবর রটেছে।
প্রেসিডেন্ট মাগুফুলি করোনা ভাইরাস নিয়ে প্রকাশ্যে বিদ্রুপ করতেন। গত মে মাস থেকে তানজানিয়া দেশটির করোনা পরিস্থিতির কোন হালনাগাদকৃত তথ্য প্রকাশ করেনি।


