পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারো বিক্ষোভকারীদের উপর হামলে পড়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এবারে এক বিক্ষোভস্থলেই তাদের গুলিতে নিহত হয়েছেন আট জন সাধারণ নাগরিক। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির অংবান শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, অংবান শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছোড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেন, নিরাপত্তা বাহিনী ব্যারিকেড সরিয়ে দেয়ার চেষ্টা করলে জনগণ তাতে বাধা দেয়। তখন তারা গুলি ছোড়ে। এ ঘটনায় আটজন মারা গেছেন।
সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নিয়মিতভাবেই জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে সরকারি বাহিনী। বাড়ছে হতাহতের সংখ্যা। অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২২৫ জন নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে মিয়ানমার ছেড়ে পালাচ্ছে বহু মানুষ।


