পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন- শীতে যেন একটি মানুষও কষ্ট না পায়। শীত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সদা জাগ্রত আছেন।
নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, শীত মোকাবেলায় ইতিমধ্যে সারা দেশে ৪০ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া আপদকালীন ফান্ড হিসেবে শীতবস্ত্র কেনার জন্য প্রতি জেলায় ১০ লাখ টাকা এবং শিশুদের খাবার ও পোষাক ক্রয়ের জন্য তিন লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহসভাপতি হাফিজুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল বলেন, মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ সহনীয় ঘর প্রদানের চলমান কর্মসূচির সঙ্গে মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশেষ বরাদ্দ হিসেবে আরো ৬৮ হাজার ঘর প্রদান করা হবে। নীলফামারী জেলায় ওই বিশেষ বরাদ্দের ৩৭০টি দুর্যোগ সহনীয় ঘর ও শীতার্ত মানুষের জন্য নূতন করে ২০ হাজার কম্বল প্রদানের কথা জানান তিনি।
শেষে প্রতিমন্ত্রী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল, ৬০ প্যাকেট শুকনা খাবার, ৩০ প্যাকেট শিশুখাদ্য ও ১৯৯ পিস শিশু পোষাক বিতরণ করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, এবারে শীতার্ত মানুষের মাঝে ৪৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরো ২০ হাজার কম্বল বরাদ্দ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।


