পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মসজিদে নববি মানে নবীর মসজিদ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনা শরিফে এ মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদ পরিস্কার করতে ৩৫টি অত্যাধুনিক ক্লিন মেশিন নতুন করে যুক্ত হয়েছে। মসজিদ পরিচ্ছন্ন করতে এখন কাজ করে প্রায় ১৫০০ পরিচ্ছন্নতা কর্মী।
আল-আরবিয়া-এর সূত্রে জানা যায়, মসজিদে নববি থেকে প্রতিদিন ৪৫ টন আবর্জনা সংগ্রহ করা হয়। এছাড়াও মসজিদে জিয়ারতকারীদের জুতা রাখার জন্য ২৮০০ শেল্ফ যুক্ত করা হয়েছে। সৌদি আরবের গণমাধ্যম ডেইলি আল-মদিনার সঙ্গে কথা বলার সময় মসজিদে নববির পরিষ্কার ও পরিচ্ছন্নতা প্রশাসনের প্রধান খালিদ আল-রহেলি এসব কথা বলেন।
নববি মসজিদের ভিতরে ও বাইরে ছাদ পরিষ্কারের জন্য ১৩২০ পুরুষ শ্রমিক নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।২০০ নারীকর্মী মসজিদের চাদর বা গালিচা ধোয়ার জন্য নিয়োগ দেয়া হয়েছে। মসজিদের ছাদ, মেঝে ও বারান্দা প্রতিদিন তিনবার ধোয়ার জন্য কর্মীরা কাজ করে। বৃষ্টিপাত ও বজ্রপাতের মত ঘটনা ঘটলে পরিষ্কারের প্রক্রিয়াটি দৈনিক পাঁচবার করা হয়। এ পরিচ্ছন্নতায় ৩৫টি অধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে।
খালিদ আল-রহেলি আরও জানান, মসজিদে নববির পাশে অবস্থিত টয়লেটে মোট ১৮ টি বিভাগ রয়েছে, যার মধ্যে ৫ টি বিভাগ নারীদের জন্য। প্রতিটি বিভাগে তিন তলা রয়েছে, এভাবে টয়লেটগুলির মোট সংখ্যা ২৫২৪টি।
প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট রয়েছে। টয়লেটগুলো প্রতিদিন ৩ বার পানি ও স্যানিটাইজার দিয়ে ধুয়ে নেওয়া হয়। এছাড়াও, প্রতি নামাজ পরে পরিষ্কার করা হয়। মসজিদের পাশেই ২৩টি ওজুখানা রয়েছে এবং আরও সাতটি নির্মাণাধীন অজুখানা রয়েছে।


