পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা বর্ষণে সুদানে বন্যা দেখা দিয়েছে। এর ফলে দেশটিতে ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানান।
সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরও ৬৭ জন আহত হয়েছেন।’
তিনি আরও জানান, নিহতরা পানিতে পড়ে, বিদ্যুৎস্পষ্ট হয়ে এবং ঘরবাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২৭ হাজার ২ শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, সুদানে জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে সাধারণত প্রবল বর্ষণ হয়ে থাকে এবং প্রতিবছর এ সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। এতে সেখানে অনেক সম্পদ, অবকাঠামো ও ফসল নষ্ট হয়।


