পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবাসীদের সবকিছুতে ট্যাক্স বসাতে হবে দাবী করে কুয়েতের নারী এমপি সাফা আল-হাশেম বলেছেন, প্রবাসীদের কাছ থেকে সবকিছুর জন্যই টাকা আদায় করা উচিত। কুয়েতে থাকা প্রবাসীরা নিঃশ্বাসের সঙ্গে যে বাতাস গ্রহণ করে তার ওপরও ট্যাক্স বসাতে হবে!
কুয়েতের ৫০ আসনের জাতীয় সংসদের একমাত্র নারী সদস্য সাফা আল-হাশেম বলেন, ‘প্রবাসীদের কাছ থেকে সবকিছুর জন্যই টাকা আদায় করা উচিত। স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অবকাঠামো ব্যবহার এবং, আমি আবারো বলছি, তারা যে বাতাস নিঃশ্বাস হিসেবে গ্রহণ করে তার জন্যও তাদের কাছ থেকে টাকা আদায় করা উচিত।
সম্প্রতি কুয়েতের জাতীয় সংসদ সেদেশের বেকার নাগরিকদের কর্মসংস্থানের জন্য একটি কমিটি গঠন করে। কমিটিকে বলা হয় দরকার হলে প্রবাসীদের ছাটাই করে কুয়েতি নাগরিকদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। ওই কমিটির এক বৈঠক শেষে সাফা আল-হাশেম এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
কুয়েতের নারী এমপি বলেন, যতক্ষণ পর্যন্ত কুয়েত থেকে অতিরিক্ত সংখ্যক প্রবাসীদের বিতাড়ন না করা হচ্ছে ততক্ষণ কুয়েতি নাগরিকদের ওপর কোনো করারোপ করা যাবে না। যেখানে কুয়েতি নাগরিকের সংখ্যা মাত্র ১৪ লাখ, সেখানে প্রবাসী আছে ৩২ লাখ। তিনি আরো বলেন, সরকারকে সবার আগে যে ১৪ হাজার কুয়েতি নাগরিক বেকার আছেন তাদের জন্য কর্মসংস্থান সৃ্ষ্টি করতে হবে। আর যে ১ লাখ ১০ হাজার নিরক্ষর প্রবাসী আছে, সেই সমস্যাটির সমাধান করতে হবে। সবার আগে প্রশ্ন করতে হবে, এই নিরক্ষর প্রবাসী শ্রমিকদের আদৌ কোনো দরকার আছে কিনা আমাদের?
কুয়েত সরকার সম্প্রতি একটি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কুয়েতি নাগরিকদের ওপর নতুন করারোপ করার প্রস্তাব করেছে। কিন্তু এই নারী আইনপ্রণেতা সে প্রস্তাবের বিরোধীতা করছেন। তিনি বলেন, কুয়েতি নাগরিকদের ওপর নতুন কোনো করারোপ করতে হলে তা আমার মৃতদেহের ওপর করতে হবে।
কিছু দিন আগে কুয়েতে মোতায়েন দুটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কেন এ ব্যবস্থা প্রত্যাহার করা হচ্ছে সে সম্পর্কে পেন্টাগন কথা বলতে না চাইলেও কুয়েত মার্কিন পদক্ষেপকে ‘রুটিন ওয়ার্ক’ বলে দাবি করেছে। কুয়েতের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মাদ আল-খুদেরের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম ‘আরব নিউজ’ বলেছে, কুয়েতের সেনাবাহিনীর সঙ্গে আলাচনা করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেছেন, কুয়েতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজেই স্বাধীনভাবে দেশের পুরো সীমান্ত রক্ষা করছে।
সূত্র : কুয়েত টাইমস


