ফের শুরু তাপপ্রবাহ, বৃষ্টি বেড়েছে উত্তরে

ফের শুরু তাপপ্রবাহ, বৃষ্টি বেড়েছে উত্তরে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে তেমন বৃষ্টি না থাকলেও উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়েছে।

আগামী তিনদিনের মধ্যে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চল প্রায় বৃষ্টিহীন। এজন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। বৃষ্টি নেই বরিশাল বিভাগেও।

তবে উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (৩০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। এছাড়া বাগেরহাটের মোংলায় ৩৬ দশমিক ৫ ও কুষ্টিয়ার কুমারখালীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

যশোর, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

অন্যদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *