ফয়জুল্লাহ আমান-এর দুটি কবিতা

ফয়জুল্লাহ আমান-এর দুটি কবিতা

বাঙালি সবুজ মন

বাঙালি সবুজ মন,
কেওকেরাডং শৃঙ্গ ছাড়িয়ে পৌঁছে যাও সুনীল আকাশের উচ্চতায়,
সুন্দর বনের সজীবতায় প্রাণোচ্ছল করে রাখো জরা ও খরায় ভরা দিনগুলি দূরে সরিয়ে ছয়টি ঋতু
বঙ্গোপসাগরের গভীরতা এবং প্রমত্ত পদ্মার প্রবল বেগ যুক্ত করো তোমার অনন্য মানসে।
একে বেঁকে বয়ে যায় বাঙলায় অসংখ্য খাল বিল নদী;
এর নাব্যতা তোমার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাক মরমী চেতনার কোমলতায়।

হাজার বছরের দৈন কাটিয়ে রয়েল বেঙ্গল টাইগারের মত হয়ে ওঠো অসীম সাহসের গল্প,
প্রেমের পরম বাণী ছড়িয়ে দাও পৃথিবীর ইথারে;
ঔদার্যের প্রতীক হয়ে ওঠো বঙ্গবাসী প্রতিটি আলোকিত অন্তর।
সচ্ছতায় বর্ষার গ্রামের নির্জন ঝিল হয় যেন তোমার পবিত্র নিসর্গ,
আনন্দে উতফুল্ল হোক বাঙালি মনের প্রশস্ত উঠোন;
স্বপ্নিল বর্ণিল দিনগুলি বিশ্বসভায় তোমার বর্ণমালার মত হয়ে উঠুক অপরূপ কান্তি।

বাঙালী সবুজ মন,
তোমার বুকে উড্ডীন গর্বিত পতাকার মত করে উদিত কর সকালের লাল সূর্য,
অন্তর আকাশে পুরনো কলুষ ঘুচিয়ে আনো অনন্ত যৌবনের অরুনিম সৌন্দর্য।
বাঙলার হার না মানা সজীব হৃদয়,
হাওড়ের কাদা মাটিতে বিমূর্তায়িত বাঙালিয়ানা গৌরব ফুটিয়ে তোল পদ্মপলাশ চোখে।

বাঙলার ধুলায় আমি দেখি এক নতুন বিশ্বরূপ;
বাঙলার বাতাসে বহে যায় অন্য এক ব্যাপ্তির আভাস;
বাঙালির দীপ্ত প্রাণে বপিত হয়েছে নতুন বিশ্বাসের চারা।

বাঙালি তরুণ মন,
নবতর উচ্ছ্বাসে পৃথিবীকে নিয়ে এসো তোমার অভ্যন্তরে একান্ত আপনার করে;
নতুন ফোটা শীত গোলাপ অথবা এন্ড্রয়েড সেটের মত হাতের মুঠোয় পরম যত্নে উষ্ণ আদরে।

কোটি কণ্ঠে উচ্চারিত হোক বাঙলার জয়গান;
মহিমান্বিত হোক জগতজোড়া বাঙালিত্ব পরিচয়।

রৌদ্রস্পর্শ

এই রোদ দেখব বলে
কত দিন সকালে দাঁড়ায়েছি শিউলি তলায়
এই রোদ ধরব বলে
কত উদয়াস্তগিরি দিলেম পাড়ি!

একটু সূর্য কিরণের জন্য আমাকে অনেকটা পথ হাঁটতে হয়
এমন সুন্দর প্রাণ পোড়ানো হাসি কি পথে প্রান্তে পাওয়া যায়?

এই সামান্য ধুপছায়ার জন্যে
হয়েছি নিদারুণ উতলা
মহা প্রলয় পর্যন্ত আমি এমন অপেক্ষা করতে পারব এক মুঠো সোনালী রূপালী আলোর স্পর্শ পেতে.

একটু রোদ পেলেই আমার জীবন আনন্দে নেচে উঠবে
নতুন প্রভাতে হেসে উঠবে দীর্ঘশ্বাসের নিচে লুকোনো কথামালা
তিরতির করে বেড়ে উঠবে নির্জীব গুল্মলতা।

আকাশ থেকে আজ কোন গায়েবী রোদ আসার কথা চর্চিত হয়নি কি বায়ু তরঙ্গে?
স্থবির জঙ্গম ভেদ করে দিবাকর আসার খবর রটেনি কি দিল দুয়ারে?

আমি এক ফোটা রোদ্দুরে দাঁড়িয়ে রব সহস্র জীবন
ফেনায়িত শুভ্রতার তরঙ্গ দোলায়
এক পৃথিবী সঙ্কল্প পুনরুত্থিত হবে
আজ সকালে মহাশূন্যের ধুসর গোলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *