পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব ইজতেমা বাংলাদেশের বিরাট এক মর্যাদা ও গৌরবের বিষয়। এই মর্যাদা ও গৌরবকে রক্ষা করতে তাবলীগ জামাতের সবাইকে নিজেদের স্বার্থ ও জেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই বৈশ্বিক আয়োজনে সচেষ্ট হবার প্রস্তাব করেছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তাঁর এই প্রস্তাবের আলোকেই সর্বসম্মতিক্রমে সব জল্পনা কল্পনা আর অন্তর্কলহকে দূরে ঠেলে রাজধানী ঢাকার অদূরে টঙ্গীতে মুসলিম উম্মাহর কাঙ্ক্ষিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে হেফাজতে ইসলামের নেতারাসহ তৃতীয় পক্ষকে বাদ দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারির যে কোনো সময় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, ইজতেমা সফল করতে উভয়পক্ষই আগের নিয়মে কাজ করবে। এছাড়া চলতি বছরের জন্য টঙ্গীর বিশ্ব ইজতেমা শুধু এক পর্বে হবে বলে জানা যায়। তবে ইজতেমায় হেফাজতসহ তাবলীগের সাথে সংশ্লিষ্ট হওয়া নতুন করে তৃতীয় কোন পক্ষের হস্তক্ষেপ থাকবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম, ক্বারী জোবায়ের ও মাওলানা ওমর ফারুক ইজতেমার জিম্মাদারি নিয়ে পরিচালনা করবেন। জানা যায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর সাথে নিয়ে এই চারজন ইজতেমার ব্যবস্থাপনা ও পরিকল্পনার বিষয়ে কথা বলবেন। ইজতেমার তারিখ বৃহস্পতিবার তারাই ঠিক করবেন বলে জানা যায়।
কাকরাইলের শূরা কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এখন থেকে তাবলীগের কাজ পূর্বের ন্যায় কাকরাইলের আহলে শূরারা পরিচালনা করবেন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে উপস্থিত সবার সামনে মাওলানা জোবায়ের ও সৈয়দ ওয়াসিফ ইসলাম সহ সবাই একে অপরের সাথে মু’আনাকা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশে জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মোহাম্মদ জুবায়ের, মাওলানা রবিউল হক, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, কাকরাইল শুরার সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম ও কাকরাইলের আহলে শুরা মাওলানা মোশাররফ হোসেন ও মাওলানা আশরাফ আলী প্রমুখ।
বৈঠকে সরকারের পক্ষে উপস্থতি ছিলেন, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা।


