পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অমর একুশে গ্রন্থমেলা ‘২২ উপলক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে তরুণ কবি ও ছড়াকার শরিফ হাসানাতের কবিতার বই ‘মোহনচূড়া’। বইয়ের প্রচ্ছদ করেছেন ‘রাজিব দত্ত’। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।
বইটি সম্পর্কে শরিফ হাসানাত বলেন, ‘আমার দিনলিপির টুকরো টুকরো কথা সিঞ্চিত হয়েছে কবিতায়। উদ্ভাসিত হয়েছে আমার বসন্তের ও আনন্দের, স্বপ্নের ও কল্যাণের বন্দনা। কবিতায়౼সুখ-দুঃখ, প্রেম, প্রকৃতির বিশুদ্ধতা, ধর্ম, সমাজ এই সমস্তকেই সৌন্দর্যের বৃত্তে, কল্পনার উচ্ছল আয়তনে নিয়ে আসার এক ক্ষুদ্র প্রচেষ্টা বলা যায়।’
কবি আসাদ চৌধুরী বলেন, ‘শরিফ হাসানাত তার অভিজ্ঞতার কথা বলেন অকপটে, সাদামাটা ভাষায়। তার কোনো কোনো কবিতায় মধ্যপ্রচ্যের রাজা-বাদশাহ, শাহজাদীরা যেমন এসেছেন তেমনি হাদিস শরীফের উল্লেখও আছে। তিনি যে ডিজিটাল যুগে বসবাস করছেন, তাও বলতে ভোলেন না।’
তিনি আরও বলেন, ‘তার ছোট ছোট কবিতাগুলো, আয়তনে ছোট কিন্তু অনেক ইশারা বহন করে। আরবি-ফারসি শব্দ ব্যবহারে বিন্দুমাত্র কুণ্ঠা নেই–প্রয়োজনবোধে অনায়াসে ব্যবহার করেন। উপমাদি ব্যবহারে লোকবিশ্বাস, লোকগীতি থেকে গ্রহণ করেন, আধুনিক জীবন-যাপনের উপাদানও তার লেখায় ঠাঁই নিয়েছে।’
১৯৯৫ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলায় খড়কী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি প্রথম দশকের শেষ দিকে লেখালেখি শুরু করেন। উর্দু, আরবী ও ইংরেজী থেকে অনুবাদও করছেন। ইংলিশ মিডিয়াম স্কুলের পাঠ্যপুস্তক প্রণয়নেও তিনি কাজ করছেন।


