পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা ও অতি বর্ষণের কারণে বগুড়ার ধুনট উপজেলায় পেঁচিবাড়ি-চাঁনদিয়াড় পাকা সড়ক ভেঙে দ্বিখণ্ডিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালের দিকে টানা বর্ষণের কারণে সড়কের প্রায় ৫ মিটার অংশ ভেঙে পাশের খালে বিলীন হয়ে যায়। সড়কটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সড়কের উভয়পাশের অর্ধশত গ্রামের মানুষ।
ধুনট উপজেলা এলজিইডির প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সড়ক সংলগ্ন খালটি পুনঃখননের আগে পাকা সড়কটি টিকে ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে তা খননের পর থেকেই পাকা সড়কের বিভিন্ন অংশ ধসে খালে মিশে যাচ্ছে। খাল খনন করতে গিয়ে পাকা সড়কের পাশে কোনো জায়গা রাখা হয়নি। এ কারণে পাকা সড়কটি রক্ষা করা যাচ্ছে না। গত সপ্তাহজুড়ে টানা বর্ষণে সড়কটি ভেঙে দ্বিখণ্ডিত হয়। ভেঙে পড়া স্থানে জরুরিভাবে মেরামত করে দুর্ভোগ লাঘব করা হবে বলেও জানান তিনি।
ধুনট উপজেলা পরিষদ সূত্র জানায়, পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিগত ২০১১ সালে সড়কটি পাকা করা হয়। পরবর্তী সময়ে একবার মেরামতও করা হয়েছে এই সড়কটি। সব মিলে ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা। ওই সড়কের নিচ দিয়েই রয়েছে একটি খাল। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে খালটির পুনঃখনন করা হয়। বাঙালি নদী থেকে এই খাল দিয়ে এক সময় পানি প্রবাহিত হলেও আশির দশকে খালের উৎসমুখ পেঁচিবাড়ি নামক স্থানে বাঁধ নির্মাণ করা হয়। পরবর্তীকালে সেই বাঁধকেই পাকা সড়কে রূপান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উৎসমুখ বন্ধ থাকায় পানি প্রবাহও বন্ধ হয়ে যায়, এতে সেটি মরা খালে পরিণত হয়। ফলে এই খাল মানুষের কোনো কাজে লাগে না। কাজে না লাগলেও খালটি অপরিকল্পিতভাবে খনন করায় সৃষ্টি হয় সমস্যা। সরাসরি সড়কের পাশ ঘেঁষে খাল খনন করার কারণে পাকা সড়কের বিভিন্ন জায়গা খালের ভেতর ভেঙে পড়ে। সর্বশেষ বৃহস্পতিবার সড়কের ৫ মিটার অংশ একেবারেই ধসে খালে বিলীন হওয়ায় সড়ক দ্বিখন্ডিত হয়ে পড়ে।
/এএ


