বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

পাথেয় রিপোর্ট : বাংলাদেশের আট জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন কৃষক, মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

সোমবার (৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। এ সময় মুহুর্মুহু বাজ পড়ে। বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩ জন। এ ছাড়া রোববার রাতে ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর-

ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধান কাটার সময় বজ্রপাতে ফজল হক (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী গ্রামের সামনে ধারাম হাওরে এ ঘটনা ঘটে। এ সময় শহীদ মিয়া ও আবদুস সালাম নামের আরও দু’জন শ্রমিক আহত হন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোলাবাইড গ্রামে।

কচুয়া (চাঁদপুর) : কচুয়ার ঘুগড়ার বিলে ঘাস কাটতে গিয়ে সকালে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তার নাম মোসলেম মিয়া (৫৫)। তিনি উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

ইসলামপুর (জামালপুর) : দুপুরে উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে বজ্রপাতে আব্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সাবেল আলীর ছেলে। চরপুঁটিমারী ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলার বারবাকিয়া পূর্ব জালিয়াকাটায় বজ্রপাতে দাদা-নাতনি হতাহত হয়েছেন। সোমবার বিকাল ৩টায় বজ্রপাতের ঘটনার পর এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে নাতনি রিফাতের মৃত্যু হয়। সে ওমান প্রবাসী রুহুল আমিনের মেয়ে ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আহত দাদা জাগের আহমদকে পেকুয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী (ফেনী) : নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রঞ্জন জল দাস (১৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের কৃষ্ণধন জলদাসের ছেলে। সোমবার দুপুরে বড় ফেনী নদীর দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া এলাকায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট ও গৌরীপুর (ময়মনসিংহ) : সোমবার হালুয়াঘাটে বজ্রপাতে আনারুল ইসলাম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আনারুল খণ্ডকপাড়া গ্রামের তায়েব আলীর ছেলে। স্থানীয়রা জানান, প্রকৃতির ডাকে ভোরে ঘর থেকে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নেত্রকোনার পূর্বধলায় সোমবার বজ্রপাতে আবু সিদ্দিক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সাতকানিয়া (চট্টগ্রাম) : দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়ার নয়া খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আবদুল কাদের ড্রাইভার (৪৩)। বিষয়টি নিশ্চিত করেছেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহমদ।

ভোলা ও চরফ্যাশন : রোববার ভোররাতে ঝড়ের তাণ্ডবে সদর উপজেলার ভেদুরিয়া ৪নং ওয়ার্ডে দিনমজুর রহিজুলের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় ঘর চাপা পড়ে নিহত হন ৩ সন্তানের মা বিবি আয়শা বেগম (৩৫)। এ সময় বজ্রপাতে মারা গেছে দুটি গরু। এদিকে সোমবার দুপুরে চরফ্যাশনে মধুমতি ব্রিকফিল্ডে কাজ করার সময় বজ্রপাতে মো. জসিম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি জিন্নাগড় ৬নং ওয়ার্ডের নুর হোসেন মিস্ত্রির ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *