পাথেয় রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে ঘরে থাকা কোরআন শরীফ।
মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুরে যায়। আগুনে ঘরের সব মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।
ক্ষতিগ্রস্ত জাহিদ মোল্লা জানান, রাতে রাইস কুকার বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, তবে অক্ষত থাকে ঘরে রাখা পবিত্র কোরআন শরীফটি।
এমন খবর পেয়ে, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন সহায়তার আশ্বাস দিয়েছে।


