পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, ১৩ জন ভারতীয় জেলে মোংলা সমুদ্র বন্দরে অবৈধভাবে মাছ ধরছিল। বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় তাদেরকে দেখতে পেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে আটক করে।
জব্দকৃত ট্রলার ও আটক ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।


