পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠকের জন্যে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলে জানা যায়।
রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীদের নিয়ে ১৬ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘অরুণ আলো’ সৌদি আরবের পথে রওনা হয়। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, আইজিপিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা
জানা যায়, সফরকালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থবার সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ চলতি বছরের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সৌদি আরব সফর করেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই শীর্ষ নেতার আলোচনায় ব্যবসা ও বিনিয়োগ, সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটিতে বাংলাদেশের কর্মী নিয়োগ ও তাদের সুরক্ষার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কর্মকাণ্ডের মতো দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়গুলো ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং বেলা সোয়া ১১টায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন দুপুরে প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওয়ানা হবেন এবং বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


