বাড়ল সোনার দাম, ভ‌রি ৮৩২৮১ টাকা

বাড়ল সোনার দাম, ভ‌রি ৮৩২৮১ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোনার দাম কমানোর চার দিন পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতোদিন ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হ‌য়ে‌ছে। সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে নতুন বাড়তি দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

দাম বাড়ায় ২২ আগস্ট থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ৯৯১ টাকা; এখন বিক্রি হবে ৬৮ হাজার ১১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেট ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ছিল ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকায়।

এর আগে গত ৩ আগস্ট সোনার দাম বাড়ানো হয়, যা ৪ আগস্ট থেকে কার্যকর হয়। এর এক সপ্তাহ আগে ২৮ জুলাই দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে ২৯ জুলাই থেকে কার্যকর ক‌রে। তারও আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়। ২৬ জুলাই থে‌কে তিন দফা দাম বাড়া‌নোর পর গত ১৭ আগস্ট দাম কমায় বাজুস, যা কার্যকর হয় ১৮ আগস্ট। তারপর আজ আবারও দাম বাড়ানোর ঘোষণা দিলো সোনার ব্যবসায়ীদের এ সংগঠনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *