বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার বাজারের পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম ব্যাগা গ্রামের ছিদ্দিক উল্যাহ সমাজের মহসিনের বাড়ির মো. সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও তার ফুফাতো ভাই একই এলাকার নুর আলমের ছেলে মো. ফরহাদ (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার থেকে মোটরসাইকেলে করে শাহাদাত তার ফুফাতো ভাই ফরহাদ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি পাংকার বাজার এলাকার পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকানের কাছের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারানো সারবাহী হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী দুই ভাই।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শাহদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে ফারহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যান।

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *