বায়রার নির্বাচনে বাধা নেই

বায়রার নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ নয় মাস বৃদ্ধি করে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আগামী ২৪ জুন বায়রার নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।  সোমবার আবদুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ২০১৬ সালের ১৩ জুলাই দুই বছরের জন্য বর্তমান কমিটি নির্বাচিত হয়। এ কমিটির মেয়াদ চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত। মেয়াদ শেষের দিকে আসায় চলতি বছরের ২২ মার্চ বায়রার নির্বাচন বোর্ড নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করে। নতুন তারিখ ২৪ জুন। কিন্তু এর মধ্যে বর্তমান সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আবেদনে সভাপতি রোজা, ঈদুল ফিতর, হজ, বর্ষা, ঈদুল আজহা ও জাতীয় নির্বাচনের কারণে সময় বৃদ্ধির কথা বলেন।

রাশনা ইমাম আরো বলেন, এ ধরনের মেয়াদ বৃদ্ধি বেআইনি। কারণ, এটা করবে পরিচালক (ট্রেড অর্গানাইজেশনস)। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ কারণে আদালত রুল জারি করেছেন। রুলে কমিটির মেয়াদ বৃদ্ধি করে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব ও উপসচিব, পরিচালক (ট্রেড অর্গানাইজেশনস), বায়রার সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন স্বপন, কল্যাণ সম্পাদক, বায়রায় নির্বাচনী বোর্ড এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

_________

patheo24,/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *