বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ৮০ ভাগ মানুষ বিএনপির নেতিবাচক রাজনীতিকে ঘৃণা করে। যারা ঘৃণা করে তারা তাদের ভোট দেবে?’
সহায়ক সরকারের রূপরেখা নিয়ে বিএনপির প্রস্তাবের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে বেশি সরকার-বিরোধী কথা বলতে পারে। কে বেশি সরকারি-বিরোধী আক্রমণাত্মক, বিদ্বেষ-প্রসূত কথা বলতে পারে, কে বেশি নেতিবাচক কথা বলতে পারে। সেটার ওপরই হাইকমান্ডের এসিআরের বিষয় আছে। এখন সেখানে প্রতিযোগিতা হচ্ছে হাইকমান্ডকে খুশি করার জন্য সরকার-বিরোধী বক্তব্য দেয়া।’

‘এটা করতে গিয়ে কে যে কী বলে! তিনটা সরকার এ পর্যন্ত শুনলাম- একটা হচ্ছে নিরপেক্ষ সরকার, একটা হচ্ছে সহায়ক সরকার, আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এখন আবার শুনছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, তারা শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। একই দিন মওদুদ সাহেব বললেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে সহায়ক সরকারের রূপরেখা কী সে বিষয়ে স্পষ্ট জানতে চাইবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে কী দাঁড়ালো, এখানে আমি কী জবাব দেব? এখানে আমার কোনো জবাব নেই, উত্তর নেই। আগে নিজেরা ঠিক করুন- তারা নিজেরা করবেন না প্রধানমন্ত্রী সহায়ক সরকারের…। এটা তো একটা আজগুবি ব্যাপার। প্রধানমন্ত্রী তাদের সহায়ক সরকারের রূপরেখা কী করে দেবেন। সহায়ক সরকারের দাবি হচ্ছে তাদের। রূপরেখা দেবেন তারা। এটা তো স্ব-বিরোধিতা, দ্বিচারিতা। একেকজন একেক কথা বলছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *