নিজস্ব প্রতিবেদক ● অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার একটি মামলা দায়ের করেছে ।
সোমবার দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের হিসেব বিবরণীতে তথ্য গোপন করায় এ মামলা করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু গত বছর ১৪৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার ৮৩৮ টাকার সম্পদের হিসেব বিবরণী জমা দিয়েছেন। এতে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়াও সম্পদ বিবরণীতে তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।


