বিজিএমইএ ভবন ভাঙতে সময় বাড়ছে জুন পর্যন্ত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ‘হাতিরঝিলের ক্যানসার’খ্যাত বিজিএমএই ভবন ভাঙার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ বছরের মাঝামাঝি কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। করোনার কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় আগামী জুন পর্যন্ত সময় চেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ। মৌখিকভাবে প্রথমে তিন মাস সময় দেওয়া হলেও আগামী জুন পর্যন্তই তাদের সময় দেওয়া হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউকের প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস বলেন, কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান জুন পর্যন্ত সময় চেয়েছে। তাদেরকে সময় দেয়া হবে। করোনার কারণে তারা কাজ করতে পারেনি। আর এখন সময় না দিয়ে কোনো উপায় নেই। কারণ ভবন ভাঙতে ভাঙতে তারা তিনতলা পর্যন্ত নেমে এসেছে। তাই এই মুহূর্তে আমরা তাদের সময় দিয়ে সহায়তা করব।’


