বিজেপির অন্তরে গান্ধী নেই : আসাদুদ্দিন ওয়াইসি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিজেপি মুখে মহাত্মা গান্ধীর নাম নিলেও তাদের অন্তরে নথুরাম গডসের নাম আছে বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভা সদস্য ও এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, আমরা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আর বর্তমান বিজেপি সরকার মুখে তার নাম নিলেও অন্তরে নথুরাম গডসেই রয়েছে।
মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন নথুরাম। তার মতে, গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানাভাবে প্রতারিত করতেন।
কাজেই এ খুনিকে নিজেদের নায়ক মনে করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বলে জানান সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এ নেতা।-খবর এনডিটিভির
হায়দরাবাদের এ এমপি বলেন, বিজেপি গান্ধীর নামে দোকান চালাচ্ছে। তারা সারাদেশে গান্ধীজির নামে ধাপ্পাবাজি চালাচ্ছে।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। এতে আওরঙ্গবাদে নিজ দলের প্রার্থীর সমর্থনে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ওয়াইসি।
এ সময় তিনি বলেন, গত মে মাসে আওরঙ্গবাদে তার দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। কারণ স্থানীয় মুসলমান, দলিত, হিন্দু ও বৌদ্ধ, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করেন, তারা তাকে সমর্থন করছেন।
বিজেপিকে সমালোচনা করে তিনি আরও বলেন, নথুরাম গডসে তিনটি বুলেট দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। কিন্তু এখানে এখন নিয়মিত লোকজন নিহত হচ্ছেন।


