পাথেয় রিপোর্ট : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাই নাটকের অবসান হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রধারী যুবক মাহাদী নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দলের সঙ্গে র্যাব, পুলিশের সম্মিলিত অভিযানে ওই অস্ত্রধারী নিহত হন। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টায় সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্রিফিংয়ে সেনা বাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে একটা বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। এই ছিনতাই নাটকের অবসান হয়েছে সফলভাবে। আজ বিকাল পাঁচটা ৩৩ মিনিটে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানবাহিনী জানতে পারে যে, বিমানটি হাইজ্যাক হয়েছে। ককপিট থেকে আমাদের পাইলট এটি জানান। বিমানটি পাঁচটা ৪১ মিনিটে এখানে অবতরণ করে। এরপর এখানে নিয়োজিত বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তাবাহিনীর সমন্বয়ে ইমার্জেন্সি পদক্ষেপ নেয়া হয়।’
জেনারেল মতিউর রহমান বলেন, ছিনতাইকারী একজন ছিলেন। তার বয়স অনুমানিক ২৫-২৬ বছর। ছিনতাইকারীকে নিবৃত করার জন্য আমাদের কমান্ড বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা স্যারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার ওপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে। আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে নিহত হয়।’
কমান্ডো অভিযানে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল ইমরুল ছিলেন বলে জানান মেজর জেনারেল মতিউর রহমান। এই ছিনতাইয়ের ঘটনায় কোন যাত্রী হতাহত হননি বলেও জানান মেজর জেনারেল মতিউর রহমান।


