বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শুরু

বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি খুঁজে নিতে বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে সার্চ কমিটি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রথম বৈঠকে ২০ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়।

সোয়া ১১টায় শুরু হওয়া এই বৈঠকে আমন্ত্রিত অধিকাংশ ব্যক্তি যোগ দিলেও কয়েকজনদে দেখা যায়নি।

আমন্ত্রিতদের মধ্যে সভায় অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, প্রবীণ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক আসিফ নজরুল, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ ও ফেয়ার ইলেকশন মনটরিং অ্যালায়েন্স (ফেমা) সভাপতি মুনিরা খান।

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, এফবিসিসিআই সভাপতি মো. জসিমউদ্দিন ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এই সভায় আমন্ত্রিত হলেও তাদের দেখা যায়নি।

সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানসহ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় আসেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। তারপরই আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যিনি এই কমিটির সচিবের দায়িত্ব পালন করছেন।

শনিবার দুপুরে আরও ২০ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।

দুপুর ১টায় শুরু হওয়া এই বৈঠকে ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, এনটিভির বার্তা সম্পাদক জহিরুল আলম ও সাংবাদিক স্বদেশ রায়।

রোববার বিশিষ্ট আরও ২০ জনের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আইনজীবী, শিক্ষক, আমলা, চিকিৎসক, গবেষক, নির্বাচন পর্যবেক্ষণে সংস্থা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ীদের সংগঠনের ৬০ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা আগেই জানিয়েছিল সার্চ কমিটি।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ গত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়ার পর সে আইনের আলোকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় ৫ ফেব্রুয়ারি।

আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানের জন্য যোগ্য সিইসি ও নির্বাচন কমিশনারদের খোঁজে আইন অনুযায়ী কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *