পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্কুল ও কলেজের পর এবার ময়মনসিংহের আলিয়া মাদরাসা শিক্ষার্থীরাও আসছেন করোনার টিকার আওতায়। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) ময়মনসিংহ মহানগরীসহ ১২টি উপজেলায় ১২-১৮ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, ময়মনসিংহ জেলায় ৩৮৮টি আলিয়া মাদরাসার ষষ্ঠশ্রেণী থেকে আলিম পর্যায়ের ৯৩ হাজার ৮১০ জন শিক্ষার্থী এই টিকা পাবেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, ময়মনসিংহ মহানগরীর ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ ও আফরোজ খান মডেল স্কুল এবং ১২টি উপজেলার সদর কেন্দ্রের মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে একযোগে আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত টিকাকার্ড সঙ্গে নিয়ে এসে শিক্ষার্থীরা টিকা দিতে পারবেন।
তবে কেউ যদি প্রথম দিন টিকা নিতে না পারেন, সেক্ষেত্রে পরের দিন কেন্দ্রে এসে টিকা দিতে পারবেন। আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।


