পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা।
আজ ঢাকা, চট্টগ্রামসহ আরও অন্যান্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪ -১৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে বলে গণমাধ্যমে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কখনও টানা কখনও থেমে থেমে হতে পারে। এই কদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।
গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত সপ্তাহে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়লেও আগামীকাল থেকে আবার তা কিছুটা কমে আসতে পারে।
আজ বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫, যা গত সপ্তাহে ছিল গড়ে ১৩ ডিগ্রির মতো। একইভাবে ময়মনসিংহে আজ ১৪ দশমিক ৪, ছিল ১২, চট্টগ্রামে আজ ১৬ দশমিক ৮, ছিল ১৫, সিলেট আজ ১৫ দশমিক ৪, ছিল ১৩, রাজশাহীতে ছিল ৯ বা ১০, আজ আছে ১৪ দশমিক ৬, রংপুরে ছিল ১১, আজ ১৪ দশমিক ৮, খুলনায় ছিল ১২, আজ ১৫ দশমিক ৫ এবং বরিশালে গত সপ্তাহে ছিল ১১, আজ সেটি বেড়ে হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম ও বর্ধিতাংশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, তার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


