পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মঙ্গলবার (৮ জুন) বিকেলের দিকে হঠাৎ বিশ্বের প্রথম সারির একাধিক গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ একঝাঁক ওয়েবসাইট ডাউন হয়ে যায়। সারাবিশ্বেই এসব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অ্যাপে সমস্যা দেখা দেয়।
হঠাৎ করে ‘ডাউন’ হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, ব্লুমবার্গ নিউজ, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, বিবিসি, নিউইয়র্ক টাইমস প্রভৃতি।
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাজ্যের আরও কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটেও এদিন লোডিংয়ে ঝামেলা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তাদের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল।
গণমাধ্যম ছাড়া বিশ্বের বৃহত্তম খুচরাপণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অ্যামাজন কর্তৃপক্ষ।
বিবিসি ও নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে সাময়িকভাবে ঢোকা যাচ্ছিল না।
অবশ্য এগুলোর বেশিরভাগই ইতোমধ্যে ফের সক্রিয় হয়েছে। এর আগে সেখানে ঢুকতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলঅ্যাবল’-এর মতো বার্তা দেখা যাচ্ছিল।
বিশ্বের গুরুত্বপূর্ণ এসব ওয়েবসাইটে একযোগে সমস্যা দেখা দেয়ার কারণ কী তা এখনো নিশ্চিত নয়।


