পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও ত্রাণ না আসা পর্যন্ত সিটি করপোরেশনের খরচে খাবার ও টিন সহায়তা দেওয়া হবে।
সোমবার (৭ জুন) দুপুর ১২টার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র আতিকুল ইসলাম। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে পুরো সময়জুড়েই যোগাযোগ রেখেছিলেন বলে জানান তিনি।’
সোমবার (৭ জুন) ভোর ৫টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে। অবৈধ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে মহাখালীর সাততলা বস্তিতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, ‘এখানে অনেক অবৈধ গ্যাস ও বিদ্যুতের লাইন রয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, এই দুইটার থেকে যেকোনো একটি কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’
ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পাই ভোর ৩টা ৫৯মিনিটে। ১৩ মিনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিট ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং তখন থেকে আমরা কাজ করছি। পরে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি উল্লেখ করেন, ‘বস্তিতে টিনের ঘর অনেক বেশি সেপারেশন হওয়ায় আমাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৮টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের ঘটনা আমাদের চোখে পড়েনি, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়, তবে শতাধিক ঘর পুড়ে গেছে বলে আমরা ধারণা করছি। ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।’


